ঢাকার প্রাণকেন্দ্রে বাংলা নববর্ষ উদ্যাপনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘বৈশাখী শোভাযাত্রা’। ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদ থেকে এই শোভাযাত্রা বের হয়ে নতুন বছরকে জানায় উচ্ছ্বসিত স্বাগত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৫ মিনিটে চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব।
শোভাযাত্রাটি চারুকলার উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগ থানার সামনে ঘুরে রাজু ভাস্কর্য, টিএসসি, দোয়েল চত্বর ও বাংলা একাডেমির সামনে দিয়ে আবার চারুকলায় ফিরে এসে সমাপ্ত হয়। পুরো পথে ছিল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশ।
এবারের শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল পাঁচটি বড় মোটিফ—মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া, যা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে উপস্থাপিত হয়। এছাড়া ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পী জাতীয় সংগীত, ‘এসো হে বৈশাখ’সহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন। শোভাযাত্রায় প্রায় ২০০ জন শিক্ষার্থী জাতীয় পতাকা বহন করেন।
শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ এই আয়োজনে অংশ নিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেন এক আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশে।





































