কাপাসিয়ায় চাঁদাবাজি প্রতিরোধে হটলাইন
Advertisements

গাজীপুরের কাপাসিয়া-৪ আসনে গত জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবির পেছনে স্থানীয় পর্যায়ে নানা বিতর্ক ও অভিযোগকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সূত্র ও জনমতের ভিত্তিতে জানা যায়, চাঁদাবাজি, ভূমি দখল, হুমকি-ধমকি, অবৈধ মাটিকাটা এবং ধর্মীয় স্থাপনার জায়গা দখলের চেষ্টাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে।

এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও কাপাসিয়ার বিভিন্ন এলাকায় গজারি গাছ কাটার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, এসব কর্মকাণ্ড অতীতের তুলনায় বেশি মাত্রায় ঘটেছে, যা সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। ফলে বিএনপির একটি অংশের প্রতি জনগণের আস্থাহীনতা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে, দলের ভেতরের একটি অংশ এখনো এসব কর্মকাণ্ড অব্যাহত রাখতে চাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জোরালো হচ্ছে।

এরই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া সদর ইউনিয়নের কান্দানিয়া গ্রামের বাসিন্দা মাছুম বিল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। বুধবার (৬ মে ২০২৬) দেওয়া ওই পোস্টে তিনি চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন এবং তারেক জিয়ার স্বপ্নের “সুন্দর বাংলাদেশ” গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, টোক ইউনিয়নসহ কাপাসিয়া উপজেলার যেকোনো এলাকায় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যবসা-বাণিজ্যে চাঁদা দাবি করা হলে তাৎক্ষণিকভাবে কাপাসিয়া থানার হটলাইন নম্বরে (০১৭১৩৩৭৩৩৬৭) অভিযোগ জানানোর জন্য আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, অভিযোগ পাওয়ার পর যদি থানা পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে সরাসরি তার ব্যক্তিগত মোবাইল নম্বরে (০১৮৫৫২৬৬০৮৭) যোগাযোগ করতে বলা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, কাপাসিয়ায় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সাধারণ মানুষের নিরাপদ ব্যবসা ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় পর্যায়ে এই ধরনের উদ্যোগকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা প্রকাশ করছেন, এর মাধ্যমে এলাকায় শৃঙ্খলা ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে।

Advertisements