দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১১ মে) দুপুরে লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় তাদের আবাসস্থলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম।
নিহত শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর এলাকায়। তার বাবা আফসার আলী এবং মা আজেয়া খাতুন। অপরদিকে নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনি উপজেলার কাদাকাটি এলাকায়। তার বাবা আব্দুল কাদের ও মা নুরুন্নাহার খাতুন।
বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, সোমবার দুপুর প্রায় ১২টার দিকে জিবদিন এলাকায় তাদের বসতবাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে তারা নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে নাবাতিয়েহর নাবিহ বেররি হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। শোকবার্তায় দূতাবাস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে, মরদেহ দেশে পাঠানোসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, নিহত দুই প্রবাসীর মরদেহ ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দূতাবাস কাজ করছে।





































