হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা
Advertisements

হবিগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, হামলার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম নিরাপদে ছিলেন। তবে এনসিপির হবিগঞ্জ জেলা ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এর আগে এনসিপির উদ্যোগে হবিগঞ্জ শহরের প্রধান সড়কে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে নেতাকর্মীরা ফিরে যাওয়ার সময় তাদের গাড়িবহরের ওপর হামলা চালানো হয়। এ সময় একাধিক যানবাহন ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, শহরের কোর্ট মসজিদের সামনের সড়ক, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এনসিপির অভিযোগ, হবিগঞ্জ শহর এবং আজমিরীগঞ্জ উপজেলায় আয়োজিত সমাবেশ ও পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়ার জের ধরেই এই হামলা চালানো হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে যুবদল। হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ বলেন, “এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার বিষয়টি শুনেছি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে এ ঘটনার সঙ্গে ছাত্রদল বা যুবদলের কেউ জড়িত নয়।”

ঘটনার বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার বলেন, “আমরা বর্তমানে খুবই ব্যস্ত। থানার সব ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাত পৌনে ৮টার দিকেও হবিগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছিলেন।

Advertisements