সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর কয়েকটি অংশে দেখা যায়, একজন নারীসহ গাজী নজরুল ইসলাম একটি কক্ষে অবস্থান করছেন। কোনো কোনো দৃশ্যে ওই নারীকে কক্ষে থাকতে দেখা যায়, আর গাজী নজরুল ইসলামকে ফোনে কথা বলতে দেখা যায়। আবার কিছু অংশে তাদের ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখা গেছে।
তবে ভিডিওটির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের দাবি করা হচ্ছে। কেউ দাবি করছেন, ভিডিওতে থাকা নারী গাজী নজরুল ইসলামের স্ত্রী। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। আবার কেউ অভিযোগ করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে, যার উদ্দেশ্য তার সুনাম ক্ষুণ্ন করা। অন্যদিকে অনেকেই ভিডিওটিকে আসল বলেও দাবি করছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে গাজী নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। এছাড়া ভিডিওটি নিয়ে জেলা জামায়াতের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
গাজী নজরুল ইসলামের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।





































