গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিটে উপজেলার সূর্যনারায়ণপুর নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম তারিকুল ইসলাম। তিনি কাভার্ডভ্যানটির চালক ছিলেন। তবে তাঁর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে চলাচলরত অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ গাজীপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সালনা হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাস ও কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, নিহত ব্যক্তির মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।





































