রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতাল-এ চাঁদাবাজির অভিযোগে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৩ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর আগে ১১ এপ্রিল হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। মামলায় মঈন উদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও সাত-আটজনকে অভিযুক্ত করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল এবং টাকা না দিলে ভয়ভীতি ও হুমকি দিত।
ঘটনার দিন ১০ এপ্রিল সকালে তারা বাদীর বাসায় গিয়ে তার স্ত্রীর কাছে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা হুমকি দেয় এবং অশোভন আচরণ করে। পরে তারা আরও লোক জড়ো করে হাসপাতালের সামনে গিয়ে স্লোগান ও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, এতে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের মালিক অধ্যাপক কামরুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তি স্টাফদের ভয়ভীতি দেখিয়ে নিজের লোকদের চাকরি দেওয়ার চাপ দিত। পাশাপাশি একটি কথিত পাঁচ লাখ টাকার দায় হাসপাতালের ওপর চাপানোর চেষ্টা করছিল।
ঘটনার পর যুবদলের কেন্দ্রীয় নেতারা হাসপাতালে গিয়ে খোঁজ নেন। সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, অভিযুক্ত ব্যক্তি তাদের সংগঠনের কেউ নয়; বরং সংগঠনের নাম ব্যবহার করে এসব কাজ করছিল। এ ধরনের ঘটনায় তাদের অবস্থান ‘শূন্য সহনশীলতা’।





































