বিএনপির দুই প্রার্থী
Advertisements

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মো. মজিবুর রহমান।

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে যমুনা ব্যাংকের করা আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে, গত ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) বৈধ ঘোষণার বিরুদ্ধে করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ হাইকোর্ট আগেই স্থগিত করেন। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গত ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও পরে ঋণখেলাপির অভিযোগে তার বিরুদ্ধে আপিল করা হয়।

জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন এ অভিযোগ দায়ের করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়। পরবর্তীতে তিনি প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আবেদন করেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, শুরুতে সীতাকুণ্ড আসনে বিএনপির মনোনয়ন পাননি আসলাম চৌধুরী। তবে জনমত ও দলীয় বিবেচনায় পরবর্তীতে তাকে ওই আসনে মনোনয়ন দেওয়া হয়।

Advertisements