টঙ্গীতে জুটের গুদামে আগুন
Advertisements

গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় একটি জুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পাগার এলাকার সোসাইটি মাঠসংলগ্ন একটি জুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে গুদামে থাকা প্লাস্টিকজাতীয় পণ্য, কাপড়, পুরোনো ব্যাটারিসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

Advertisements