ইহুদিবাদী সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আল-জালিল বা গ্যালিলি অঞ্চলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫০ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ইসরায়েলি দৈনিক ইয়োদইয়োত অহারানোত-এর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দাবি করেছে, আলখিয়াম শহরের দক্ষিণাঞ্চলের খাল্লা আল-আসাফির এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের একটি জমায়েত লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এছাড়া মিরকাবা শহরের বিপরীত পাশে আল-মার্জ এলাকায় ইসরায়েলি সেনা অবস্থানের ওপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়। আলখিয়াম শহরের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করেও আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।
সংগঠনটির দাবি, ওই অঞ্চলে ইসরায়েলের নবনির্মিত একটি সামরিক ঘাঁটিও তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে কাসারে কাফার জালআদি এলাকাতেও ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে অধিকৃত উত্তর ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলার মাধ্যমে ইসরায়েলি বাহিনীর কার্যক্রমে চাপ সৃষ্টি করছে লেবাননের এই প্রতিরোধ আন্দোলন।





































